প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে। দেশে ফিরিয়ে আনার পর তাকে গ্রেপ্তার করে আদালতের রায় কার্যকর করা হবে।
বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে অবস্থানরত সাবেক সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার পক্ষে নয়। বরং আইন ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই দলটির বিষয়ে সিদ্ধান্ত হওয়া উচিত।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন ও সন্ত্রাসবিরোধী আইনে সংশোধন আনা হয়েছে। ফলে ব্যক্তি হিসেবে শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগকেও সংগঠন হিসেবে বিচারের আওতায় আনা সম্ভব হবে। সংবিধানের ৪৭ অনুচ্ছেদেও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে সংগঠনের বিচার করার বিধান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে জাতীয় ঐক্য আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে তিনি জানান, গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম স্বৈরাচারের পরিণতি সম্পর্কে শিক্ষা নিতে পারে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।