প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশজুড়ে হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হলেও এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যুর পাশাপাশি ৯৯০ জনের মধ্যে নতুন করে উপসর্গ দেখা দেয়। সোমবার (১৩ জুলাই) এক শিশুর মৃত্যুর পাশাপাশি ১১৩ জনের হাম শনাক্ত এবং আরও ৮৯৬ জনের মধ্যে উপসর্গ পাওয়া যায়।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে হামের টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।