প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৬
সারাদিন ডেস্ক
টানা বৃষ্টি ও বিরূপ আবহাওয়ার কারণে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে রাঙামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসনের জারি করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ জুলাই জারি করা সাজেক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে পর্যটকেরা আগের মতোই সাজেক ভ্যালি ও বাঘাইছড়ির অন্যান্য পর্যটনকেন্দ্র ভ্রমণ করতে পারবেন।
তবে বর্ষা মৌসুমে পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য পর্যটকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে স্থবির হয়ে পড়া পর্যটন খাতে আবারও প্রাণ ফিরে আসবে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, টানা বৃষ্টি ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে তাদের প্রতিষ্ঠানের প্রতিদিন প্রায় ৩০ হাজার টাকা করে মোট প্রায় ২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে।