Print

সারাদিন

পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে নিতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময়

প্রকাশিত: ১১:১৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সভায় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়ার বিভিন্ন দিক পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে আলোচনা হয়।

বুধবার (১৫ জুলাই) ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।

সভায় বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের পাশাপাশি কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সিএফএ সোসাইটি বাংলাদেশ, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার এবং সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইকুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫-এর আওতায় আইপিও-সংক্রান্ত আর্থিক বিবরণী প্রস্তুত, নিরীক্ষা, আবেদন প্রক্রিয়া, নিরীক্ষক, ইস্যু ম্যানেজার ও ইস্যুয়ারদের দায়িত্ব ও জবাবদিহিতা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আইপিও প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ এবং বিনিয়োগবান্ধব করার বিভিন্ন প্রস্তাব উঠে আসে।

এ ছাড়া আইপিওর মূল্য নির্ধারণ (প্রাইসিং), পাবলিক ইন্টারেস্ট এনটিটির তালিকাভুক্তি, ডাইরেক্ট লিস্টিং এবং রাইট ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সংস্কার নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন।

বিএসইসি জানিয়েছে, অংশীজনদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় নীতি সহায়তা এবং আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে দেশের পুঁজিবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যায়।

Nagad
Nagad