প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্, জুলই ২০, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে শিরোপা হারানোর পর তিনি বলেন, এই বিশ্বকাপ জয়ের প্রকৃত দাবিদার ছিল স্পেন।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘তারা আমাদের চেয়ে ভালো দল ছিল, এটাই বাস্তবতা। তাই বিশ্বকাপ জয়ের যোগ্যও ছিল স্পেন। তবে আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। তারা এই টুর্নামেন্টে নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।’
লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে স্পেনের সংগঠিত ফুটবল ও দৃঢ় রক্ষণভাগের সামনে সেই স্বপ্ন পূরণ হয়নি।
নিজের খেলোয়াড়দের প্রশংসা করে স্কালোনি বলেন, ‘এত দূর পর্যন্ত পৌঁছাতে কতটা পরিশ্রম করতে হয়, সেটার মূল্যায়ন হওয়া উচিত। আমরা ফাইনাল হেরেছি, কিন্তু এই দল যা অর্জন করেছে, তা কখনো ছোট করে দেখার সুযোগ নেই।’
সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন কোচ। শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে তৈরি হওয়া উত্তেজনাকর পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।
স্কালোনি বলেন, ‘জয়ের সময় যেমন মর্যাদা বজায় রাখতে হয়, পরাজয়ের সময়ও সেটি ধরে রাখতে হয়। আমরা হার মেনে নিয়েছি। কিন্তু এখানে পৌঁছাতে যে লড়াই করেছি, তা কখনো ভুলে যাওয়া উচিত নয়।’
পুরো বিশ্বকাপজুড়ে সমর্থকদের অকুণ্ঠ সমর্থনের জন্যও কৃতজ্ঞতা জানান তিনি। তার ভাষায়, ‘দেশের মানুষ, খেলোয়াড় এবং পুরো জাতিকে ধন্যবাদ। আমরা আমাদের সবকিছু দিয়ে লড়েছি। এই দল দেশের জন্য সবসময়ই গর্বের।’
একই সঙ্গে তিনি জানান, এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে হবে আর্জেন্টিনাকে।
সংবাদ সম্মেলনের শেষ দিকে নিজের ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত দেন ৪৮ বছর বয়সী এই কোচ। ডিসেম্বর পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর জাতীয় দলের দায়িত্ব চালিয়ে যাবেন কি না, সে বিষয়ে তখন সিদ্ধান্ত নেবেন বলে জানান স্কালোনি।
তিনি বলেন, ‘চুক্তির মেয়াদ পূরণ করব। এরপর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। এত বড় সাফল্যের পর আবার সেই উচ্চতায় পৌঁছানো সম্ভব কি না, সেটিও ভাবার বিষয়।’ কথা শেষ করেই আবেগ ধরে রাখতে পারেননি আর্জেন্টিনার সফল এই কোচ।