প্রকাশিত: ২:২৪ অপরাহন, জুলই ২০, ২০২৬
সারাদিন ডেস্ক
রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ।
সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। পরে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পল্লবী থানার একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত দেবনাথ জানান, সোমবার বেলা পৌনে ১১টার দিকে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের কর্মকর্তারা প্রথমে সাহেদকে আটক করেন। বিষয়টি ট্রাফিক পুলিশের নজরে এলে উভয় পক্ষকে ইসিবি ট্রাফিক পুলিশ বক্সে নেওয়া হয়। পরে খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, চেক জালিয়াতির অভিযোগে দায়ের করা একটি মামলায় সাহেদের বিরুদ্ধে আদালতের সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পল্লবী থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে থানায় নেওয়া হয়। পরে দুপুর ১টার দিকে পল্লবী থানা পুলিশের একটি দল এসে তাকে নিজেদের হেফাজতে নেয়।
করোনাভাইরাস মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়া, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ২০২০ সালে দেশজুড়ে আলোচনায় আসেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। ওই বছরের ৬ জুলাই র্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অনিয়মের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
এরপর ১৫ জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে র্যাব তাকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সব মামলায় জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন।