Print

সারাদিন

সরকারি হজ প্যাকেজ ঘোষণা, খরচ শুরু ৫ লাখ ৫ হাজার টাকা

প্রকাশিত: ১২:০৫ অপরাহন, জুলই ২১, ২০২৬

সারাদিন ডেস্ক

২০২৭ সালের হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সাধারণ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং সাশ্রয়ী প্যাকেজের খরচ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদিত এ দুই প্যাকেজের ঘোষণা দেন।

হজ প্যাকেজ-১

এই প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। এতে মক্কায় হারাম শরিফের বহিঃচত্বর থেকে ১,০০০ থেকে ১,৪০০ মিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকায় আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন-২–এ তাঁবুর সুবিধা দেওয়া হবে। এছাড়া মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। সৌদি আরবে অবস্থানকাল হবে সাধারণত ৩৫ থেকে ৪০ দিন।

হজ প্যাকেজ-২ (সাশ্রয়ী)

সাশ্রয়ী এই প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এ প্যাকেজে মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটারের মধ্যে এবং মদিনায় মারকাজিয়া এলাকার বাইরে, মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা থাকবে।

Nagad
Nagad

মিনায় জোন-৫–এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা ও আরাফায় ‘সার্ভিস প্যাকেজ-৩’ অনুযায়ী সেবা এবং মোয়াল্লেমের মাধ্যমে খাবার সরবরাহ করা হবে। হোটেল হারাম শরিফ থেকে দুই কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের সুবিধা দেওয়া হবে।

ধর্মমন্ত্রী জানান, নির্ধারিত প্যাকেজের বাইরে অতিরিক্ত অর্থ পরিশোধের মাধ্যমে রুম আপগ্রেড এবং স্বল্পমেয়াদি (শর্ট) প্যাকেজের সুবিধাও নেওয়া যাবে।

সরকার আশা করছে, এ দুই প্যাকেজের মাধ্যমে বিভিন্ন আর্থিক সক্ষমতার হজযাত্রীরা তাদের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত প্যাকেজ বেছে নেওয়ার সুযোগ পাবেন।