প্রকাশিত: ১০:০৩ অপরাহন, জুলই ২১, ২০২৬
সারাদিন ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেছেন, ফুটবলের সৌন্দর্য শুধু শিরোপা জয়ে নয়, বরং দলের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চটা উজাড় করে দেওয়ার মধ্যেই নিহিত।
ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়া চেলসি তারকা ম্যাচের কয়েকদিন পর নিজের ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘সময় যত যায়, ততই বুঝতে পারি, একটি ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে।’
বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে বিভিন্ন মহলে নানা আলোচনা ও বিতর্ক চলছে। এমন প্রেক্ষাপটে এনজোর এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নিজের পোস্টে আর্জেন্টাইন এই মিডফিল্ডার আরও লেখেন, ‘বহু বছর ধরে এই দল আমাদের দারুণভাবে প্রতিনিধিত্ব করেছে। এই দল আমাকে শিখিয়েছে, প্রতিযোগিতা মানে শুধু জেতা নয়; বরং জার্সির জন্য নিজের সবকিছু উজাড় করে দেওয়া এবং কখনো হাল না ছাড়া।’
জাতীয় দলের অংশ হতে পারাকে নিজের জন্য গর্বের বলে উল্লেখ করেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। তিনি বলেন, ‘যারা সবসময় নিজেদের সর্বোচ্চটা দিয়েছে এবং গর্ব, বিনয় ও অঙ্গীকার নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছে, তাদের সঙ্গে একই দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের।’
পোস্টের শেষদিকে সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এনজো ফার্নান্দেজ। কঠিন সময়েও পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখার পর এটিই এনজো ফার্নান্দেজের প্রথম প্রকাশ্য প্রতিক্রিয়া। তার এই বার্তা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।