প্রকাশিত: ৯:৩২ অপরাহন, জুলই ২৩, ২০২৬
সারাদিন ডেস্ক
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের কাছে চারবার আনুষ্ঠানিক সংলাপের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তিনি বলেন, সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের সুবিধাজনক সময় ও বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। এ আলোচনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ও বিজেপি সভাপতি জে. পি. নাড্ডাও অংশ নেবেন।
জিতেন্দ্র সিং বলেন, সরকার এই বিষয়টিকে অহংকারের লড়াই হিসেবে দেখছে না। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব বলে তারা বিশ্বাস করেন।
তবে সরকারের প্রস্তাবিত স্থান প্রত্যাখ্যান করেছে আন্দোলনকারীদের সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির নেতারা জানিয়েছেন, কোনো মন্ত্রীর বাসভবন বা কার্যালয়ে তারা বৈঠকে যাবেন না। আলোচনা করতে হলে মন্ত্রীদের যন্তর মন্তরের আন্দোলনস্থলে অথবা কোনো নিরপেক্ষ স্থানে আসতে হবে।
যন্তর মন্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, জনতার আদালত এখন রাজপথেই বসেছে। তাই জনগণের প্রতিনিধি হিসেবে মন্ত্রীদের আন্দোলনস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা উচিত।
তবে তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে যন্তর মন্তরে বৈঠক সম্ভব না হলে কাছাকাছি কোনো নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে তাদের আপত্তি নেই।
সিজেপি আরও দাবি করেছে, আন্দোলনে অংশ নেওয়া কোনো শান্তিপূর্ণ শিক্ষার্থীর বিরুদ্ধে নতুন করে মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না—এ মর্মে সরকারের কাছ থেকে লিখিত নিশ্চয়তা দিতে হবে।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিট প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ঘোষণা দিয়েছেন।
আন্দোলনের জেরে বৃহস্পতিবার দিল্লিতে নিরাপত্তা জোরদার করা হয় এবং সাময়িকভাবে ১৭টি মেট্রোরেল স্টেশন বন্ধ রাখা হয়। এতে রাজধানীর কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে স্টেশনগুলো পুনরায় খুলে দেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবি, দিল্লির বাইরে বিহার, গোয়া, মুম্বাই ও রাজস্থানসহ ভারতের বিভিন্ন রাজ্যেও এ আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং এটি এখন জাতীয় পর্যায়ের আন্দোলনে রূপ নিয়েছে।
সূত্র: এনডিটিভি