প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্, জুলই ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। তবে নির্বাচন কমিশন এর আগেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা করছে।
শুক্রবার (২৪ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার সাপ্তাহিক ছুটির কারণে কমিশনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রোববার অথবা পরবর্তী কার্যদিবসে কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খুব দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
নির্বাচন কমিশনার জানান, ভোটার তালিকা চূড়ান্ত করার পরই নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালিত হবে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী।
তিনি আরও বলেন, প্রার্থী একজন হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদে ভোটগ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ প্রক্রিয়া অনেকটা সংরক্ষিত নারী আসনের নির্বাচনের মতো হবে।
ইসি সূত্রে জানা গেছে, এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারই রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। বিদ্যমান সাংবিধানিক বিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচকমণ্ডলীর সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ করবেন। সে অনুযায়ী দ্রুত ভোটার তালিকা প্রস্তুত ও চূড়ান্ত করা হবে।
শুক্রবার (২৪ জুলাই) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। বিকেল ৫টা ১ মিনিটে তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা এবং অটোনমিক নিউরোপ্যাথিসহ একাধিক জটিল রোগে তিনি ভুগছেন। এসব কারণে মাঝে মাঝে তিনি সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন। এ ছাড়া তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও হয়েছে।
রাষ্ট্রপতির ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা এবং মানসিক-শারীরিক সক্ষমতা হ্রাস পাওয়ায় রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
রাষ্ট্রপতির পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। এখন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে নির্বাচন কমিশন।