প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্, জুলই ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
ইরানকে চীন বা রাশিয়া কোনো ধরনের অস্ত্র সরবরাহ করবে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সময়ে ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—উভয়েই তাকে আশ্বস্ত করেছেন যে, তারা ইরানকে অস্ত্র দেবে না। তিনি বলেন, “তারা নিশ্চয়ই আমাকে হতাশ করতে চাইবে না।”
ট্রাম্পের দাবি, বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকে শি জিনপিং তাকে জানিয়েছেন, কোনো পরিস্থিতিতেই চীন ইরানকে অস্ত্র দেবে বা বিক্রি করবে না। এ প্রতিশ্রুতির আওতায় চীনা কোম্পানিগুলোও রয়েছে।
জের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন, শি জিনপিংয়ের দেওয়া প্রতিশ্রুতিতে তিনি আস্থা রাখেন এবং দুই দেশের সম্পর্কের কথা বিবেচনায় নিয়ে তার কথাকে বিশ্বাস করেন।
অন্যদিকে শুক্রবার (২৪ জুলাই) কিরগিজস্তানের চোলপোন-আতায় সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৈঠকে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়াং ই বলেন, ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জাতীয় মর্যাদা রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে। একই সঙ্গে তিনি সংলাপ অব্যাহত রাখা এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকে অর্জিত ঐকমত্যে ফিরে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনকে অস্ত্র বিক্রি করে না; বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করে, পরে সেগুলো কীভাবে বিতরণ করা হয়, সে বিষয়ে তার কোনো নিয়ন্ত্রণ থাকে না।
অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন, ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সামরিক সহায়তা চলমান সংকটকে আরও জটিল করছে। তার দাবি, পশ্চিমা অস্ত্র ব্যবহার করে ইউক্রেন বেসামরিক লক্ষ্যবস্তু ও রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাচ্ছে।
সূত্র: রয়টার্স, আনাদোলু এজেন্সি