প্রকাশিত: ৬:৪২ অপরাহন, জুলই ২৫, ২০২৬
সারাদিন ডেস্ক
মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
শনিবার (২৫ জুলাই) দেশটির দেইর এজ-জর ও রাজধানী দামেস্কের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। খবর আলজাজিরার।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের আল-সুখনা ও পালমিরা এলাকার মাঝামাঝি স্থানে দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানী দামেস্কের সঙ্গে সংযুক্ত করেছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হোমসের সামরিক হাসপাতালে নেওয়ার জন্য ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দীর্ঘ প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সড়ক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটির অনেক মহাসড়কেই নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং দুর্ঘটনার ঝুঁকি বেশি।
এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও জরুরি সাড়াদানবিষয়ক মন্ত্রী রায়েদ আল-সালেহ জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সিরিয়ায় দুই হাজারের বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে। তার ভাষ্য, দেশটিতে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠেছে সড়ক দুর্ঘটনা।