Print

সারাদিন

সাফ চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন, টাইটেল স্পন্সর টেকনো

প্রকাশিত: ৯:৪৭ অপরাহন, জুলই ২৫, ২০২৬

সারাদিন ডেস্ক

আগামী নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিতব্য ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে স্মার্টফোন ব্র্যান্ড টেকনোকে টুর্নামেন্টের অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ), বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং টেকনো বাংলাদেশের যৌথ আয়োজনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে লোগো উন্মোচন করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো টুর্নামেন্টের ক্ষণগণনা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম, সার্কভুক্ত সাত সদস্য দেশের ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা, জাতীয় দলের অধিনায়ক, করপোরেট অংশীদার এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

অনুষ্ঠানের শুরুতে পুরুষোত্তম কাট্টেল টুর্নামেন্টের লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরেন। এ সময় তিনি টেকনোকে অফিসিয়াল টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলের বিকাশে শক্তিশালী অংশীদারত্ব সময়ের দাবি। টেকনোর সঙ্গে এই সহযোগিতা টুর্নামেন্টের প্রচার, দর্শক সম্পৃক্ততা এবং বাণিজ্যিক সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

পরে বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’-এর অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়। একই অনুষ্ঠানে সাফ এবং আইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের মধ্যে টাইটেল স্পন্সরশিপ চুক্তিও বিনিময় করা হয়।

Nagad
Nagad

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ। এটি হবে চতুর্থবারের মতো বাংলাদেশের মাটিতে এই টুর্নামেন্টের আয়োজন। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছিল।

২০০৩ সালে ঘরের মাঠে মালদ্বীপকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের ইতিহাসের একমাত্র সাফ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এছাড়া ১৯৯৯ ও ২০০৫ সালে রানার্সআপ হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্ট উপলক্ষে জাতীয় দলের প্রস্তুতিও শুরু করেছে বাফুফে। সেপ্টেম্বরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে চারটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নতুন কোচ থমাস ডুলির অধীনে দুটি পৃথক প্রস্তুতি ক্যাম্পও করবে বাংলাদেশ দল।

আগামী ১ আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ড্র। সেখানেই নির্ধারণ হবে গ্রুপ পর্বে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ।