Print

সারাদিন

পোশাক ও টেক্সটাইল খাতে এখনো অর্থ, গ্যাস ও নিরাপত্তার সংকট: বিটিএমএ সভাপতি

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্, জুলই ২৬, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে এখনো অর্থ, গ্যাস ও নিরাপত্তা-এই তিন সংকট বিদ্যমান রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, আগামী দিনে এ সংকট আরও তীব্র হতে পারে। তাই শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংগঠন ও উদ্যোক্তাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শনিবার (২৫ জুলাই) রাতে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএমইএ) ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে আয়োজিত ঐক্য পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শওকত আজিজ রাসেল বলেন, স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের পর স্থানীয় শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। সে কারণে মূল্য সংযোজন (ভ্যালু অ্যাডিশন) বাড়ানোর ওপর এখন থেকেই গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ২০২৯ সালের পর অনেক বাজারে ন্যূনতম ৪০ শতাংশ এবং কিছু দেশে ৬০ শতাংশ পর্যন্ত ভ্যালু অ্যাডিশনের শর্ত পূরণ করতে হবে। প্রয়োজনীয় প্রস্তুতি না নিলে দেশের শিল্প খাত ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিটিএমএ সভাপতি বলেন, অ্যাকসেসরিজ ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প টিকিয়ে রাখতে সরকারের নীতিগত সহায়তা জরুরি। পাশাপাশি অর্থ, গ্যাস ও নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএসহ বিভিন্ন সংগঠন এখন শিল্প খাতের অভিন্ন স্বার্থে যৌথভাবে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব ও দাবি তুলে ধরছে। এর ফলে শিল্পের স্বার্থ আরও কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব হচ্ছে।

Nagad
Nagad

শওকত আজিজ রাসেল বলেন, “আমরা এক মায়ের তিন সন্তান। আমাদের লক্ষ্য একটাই—রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং তা দেশে ধরে রাখা। লক্ষ্য যখন এক, তখন বিভক্ত হওয়ার সুযোগ নেই।”

তিনি শিল্প খাতে সরকারের নীতিগত সহায়তা ও প্রণোদনা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, শিল্পের উন্নয়ন হলে সরকারও দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।

উল্লেখ্য, বিপিএমইএর ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে। এবার সভাপতি পদ এবং চট্টগ্রাম অঞ্চলের পাঁচ পরিচালক পদে ভোটগ্রহণ হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঐক্য পরিষদের মো. শাহরিয়ার এবং স্বতন্ত্র প্রার্থী জামিল আহমেদ।