প্রকাশিত: ১২:০৬ অপরাহন, জুলই ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে টানা ১৩ দিনের হামলা-পাল্টা হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৬ জুলাই) নিউইয়র্ক টাইমস ও অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে প্যাট্রিয়টসহ আকাশ প্রতিরক্ষায় ব্যবহৃত ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত কমে আসছে বলে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্রগুলোর দাবি, গত শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের সঙ্গে বৈঠকের পর প্রেসিডেন্ট ট্রাম্প হামলা স্থগিতের সিদ্ধান্ত নেন।
অ্যাক্সিওসের প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, হামলা স্থগিতের নির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ফলে পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় আবারও সামরিক অভিযান শুরু হতে পারে, আবার দীর্ঘ সময়ের জন্যও হামলা বন্ধ থাকতে পারে।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই সিদ্ধান্ত একদিকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে বর্তমান সামরিক অভিযানের কার্যকারিতা ও সক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও সামনে এনেছে।
তবে সামরিক বিশ্লেষকদের ধারণা, এই বিরতি ভবিষ্যতে আরও বড় পরিসরে অভিযান পরিচালনার প্রস্তুতির অংশও হতে পারে।