প্রকাশিত: ১২:৩৮ অপরাহন, জুলই ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ অভিযোগ জমা দেওয়া হয়।
প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে ১৯ জনকে আসামি করে তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এ মামলায় রোববারই শুনানি হওয়ার কথা রয়েছে।
মামলায় বর্তমানে সাতজন আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন-ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, নায়েক সোহেল, মিজানুর রহমান, জাকির হোসেন এবং কনস্টেবল মাসুদ মিয়া।
নিহত শাইখ আসহাবুল ইয়ামিন মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৮ জুলাই সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় ইয়ামিনকে ধরে পুলিশের সাঁজোয়া যানের কাছে নিয়ে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সাঁজোয়া যানে তুলে প্রদর্শন করা হয় এবং পরে রাস্তায় ফেলে রাখা হয়। স্থানীয়রা উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।