প্রকাশিত: ২:০৭ অপরাহন, জুলই ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের গ্রেপ্তারের দাবির বিষয়ে সরকার এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো কোনো আইনি ভিত্তি দেখছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শারীরিক অসুস্থতার কারণে সাবেক রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। স্পিকার তা গ্রহণ করেছেন এবং সাংবিধানিক বিধান অনুযায়ী বর্তমানে স্পিকার অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সরকার রাজনৈতিক মতপ্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতায় বিশ্বাস করে। এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তার বিরুদ্ধে অভিযোগ তুলতে পারে। তবে সরকার এ পর্যন্ত এমন কোনো বিষয় পায়নি, যা আইনি পদক্ষেপের ভিত্তি হতে পারে।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সাংবিধানিক দায়মুক্তি (ইমিউনিটি) ও বিশেষ অধিকার (প্রিভিলেজ) ভোগ করেছেন। ফলে দায়িত্ব পালনকালীন কর্মকাণ্ড নিয়ে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। তবে দায়িত্বকালের বাইরের কোনো বিষয়ে অভিযোগ এলে তা প্রচলিত আইন অনুযায়ী বিবেচনা করা হবে।
শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির কথোপকথন নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ ধরনের কোনো তথ্য সরকারের কাছে নেই। কোনো গণমাধ্যম এমন তথ্য প্রকাশ করলে তার প্রমাণও সংশ্লিষ্ট গণমাধ্যমকেই দিতে হবে।
রাষ্ট্রপতি হওয়ার আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ব্যাংকের প্রশাসনিক দায়িত্ব পালনের সময়কার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা আইন ও বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।
সাবেক রাষ্ট্রপতির নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তিনি সাবেক রাষ্ট্রপতি হিসেবে নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন। এসএসএফ, পিজিআরসহ ছয় মাস নিরাপত্তা সুবিধার বিধান রয়েছে। পাশাপাশি পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তার নিরাপত্তা নিশ্চিত করবে।