Print

সারাদিন

‘এলজিইডির একটি প্রকল্পে কাজ না করেই সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট’

প্রকাশিত: ৮:৩৬ অপরাহন, জুলই ২৬, ২০২৬

সারাদিন ডেস্ক

পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি প্রকল্পে কোনো কাজ না করেই প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।

রোববার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আইনমন্ত্রী বলেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম টাইম–এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সে হিসাবে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার দেশ থেকে বাইরে চলে গেছে।

তিনি বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল। উন্নয়ন প্রকল্পের নামে রাষ্ট্রীয় অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। সেই অর্থ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে সম্পদ কেনা ও ব্যাংকে বিনিয়োগ করা হলেও দেশের মানুষ এর কোনো সুফল পায়নি।

দুর্নীতির একটি উদাহরণ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, পিরোজপুরে এলজিইডির প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প কাগজে-কলমে বাস্তবায়নের দেখানো হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। ‘এক কেজি রড কিংবা ১০০ টাকার সিমেন্টও ব্যবহার না করেই পুরো অর্থ লুটপাট করা হয়েছে’ বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, এ ধরনের অসংখ্য প্রকল্পের অর্থ বিদেশে পাচার হয়ে বেগমপাড়াসহ বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে। এসব অর্থের প্রকৃত পরিমাণ ও হিসাব এখনো পুরোপুরি জানা যায়নি।

Nagad
Nagad

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, অতীতের লুটপাট ও অর্থপাচারের সংস্কৃতি থেকে বেরিয়ে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিচার বিভাগ, আইনজীবী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বিচার বিভাগ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।