প্রকাশিত: ৮:৫৪ অপরাহন, জুলই ২৬, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে।
রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৫৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৯৩৫ জন।
মৃতদের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪৩ জনের মধ্যে ২৫ জন নারী এবং ১৮ জন পুরুষ।
অঞ্চলভিত্তিক হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ছয়জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় একজন, ময়মনসিংহে পাঁচজন,চট্টগ্রামে চারজন, খুলনায় ছয়জন, বরিশালে চারজন, রাজশাহীতে একজন এবং রংপুরে একজনের মৃত্যু হয়েছে।