Print

সারাদিন

ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না: এ্যানি

প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্, জুলই ২৭, ২০২৬

সারাদিন ডেস্ক

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শুধু ইনসাফ ও কল্যাণের কথা বললেই হবে না, রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডও জনগণের কাছে জবাবদিহির আওতায় থাকতে হবে। তিনি বলেন, ‘ইনসাফের কথা বলে অপকর্ম ঢেকে রাখা যায় না।’

রোববার (২৭ জুলাই) লক্ষ্মীপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা শাখার আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, প্রথম সংসদ অধিবেশনে বিরোধী দলকে কিছু পরামর্শ দেওয়া হয়েছিল। এখন দ্বিতীয় অধিবেশনে তারা বক্তব্য দিচ্ছেন এবং দেশের বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করছেন। তবে দেশপ্রেম, রাজনৈতিক পরিপক্বতা ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যেভাবে তুলে ধরা প্রয়োজন, সে বিষয়ে তিনি আশাবাদী নন।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিএনপির পাশাপাশি আরও অনেক রাজনৈতিক দল রয়েছে। দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের শাসন দেশের মানুষ দেখেছে। এ বিষয়ে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। তবে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয়, যাতে কেউ কষ্ট পান বা আহত হন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহমেদ ফেরদাউস মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের নেতা-কর্মী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

Nagad
Nagad