প্রকাশিত: ৪:৩৩ অপরাহন, জুলই ২৭, ২০২৬
তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এসওএইচও ইরাসমাস+ প্রকল্পের আওতায় ‘স্মার্ট পরিবহন’ বিষয়ক এক আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর একটি প্রতিনিধিদল।
ফ্রান্সের ইউনিভার্সিটি লিওঁ ২-এর অধীন ‘আইইউটি লুমিয়ের লিওঁ ২’-এর আয়োজনে ১৫ থেকে ১৯ জুন ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে এআইইউবি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। দলের অন্যান্য সদস্যরা ছিলেন প্রকৌশল অনুষদের পরিচালক অধ্যাপক ড. মো. সানিয়াত রহমান জিশান, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. চৌধুরী আকরাম হোসেন এবং প্রকৌশল অনুষদের বিশেষ সহকারী আবির আহমেদ।
বাংলাদেশ, মালয়েশিয়া ও ভিয়েতনামের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল টেকসই ও স্মার্ট পরিবহন ব্যবস্থা উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, জ্ঞান বিনিময় এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিভার্সিটি লিওঁ ২-এর স্থানীয় প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক আইশা সেখারি সেকলৌলি অংশগ্রহণকারীদের স্বাগত জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক প্রকল্প ব্যবস্থাপক মিস ইনেস ফ্লোরা নেগ্রিনি সান্দেজ প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও লজিস্টিক বিষয়গুলো তুলে ধরেন।
কর্মসূচি চলাকালে অংশগ্রহণকারীরা ইউনিভার্সিটি লিওঁ ২-এর বিশেষজ্ঞ শিক্ষকদের পরিচালনায় বিভিন্ন সেশনে অংশ নেন। ড. থানহা-হা বারগাস টেকসই গণপরিবহন, পর্যটনে ‘মোবিলিটি-অ্যাস-আ-সার্ভিস’ এবং কৌশলগত পরিবহন কাঠামো বিষয়ে প্রশিক্ষণ দেন। অধ্যাপক আইশা সেখারি সেকলৌলি ও ড. নিজার হাউস টেকসই পর্যটন পরিবহনের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন। এছাড়া অধ্যাপক ইয়াসিন উজরুত স্মার্ট নগর পরিবহন সমাধান ও ডেটা বিশ্লেষণের গুরুত্ব তুলে ধরেন। শিল্পখাতের বিশেষজ্ঞদের সহযোগিতায় আয়োজিত সেশনে অংশগ্রহণকারীরা কার্বন নিঃসরণ মূল্যায়ন ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা নির্বাচনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে লিওঁ শহরের কাছের ভিল দ্য বোঝোলে এক শিক্ষা সফরের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় এবং এলাকার টেকসই পর্যটন ও পরিবেশবান্ধব উদ্যোগ ঘুরে দেখেন প্রতিনিধিরা।
সমগ্র প্রশিক্ষণ কার্যক্রমের সাংগঠনিক সহযোগিতায় ছিলেন মিস ইনেস ফ্লোরা নেগ্রিনি সান্দেজ, মিস নিলুফার ফাতেমিপানাহ এবং মিস থাইস চিয়ানকা মাচাদো।
আন্তর্জাতিক এই প্রশিক্ষণ কর্মসূচি এআইইউবির বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণ, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।