Print

সারাদিন

দেশে নতুন সিটি করপোরেশন হচ্ছে, কক্সবাজার উন্নীত করার প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ৮:৪৬ অপরাহন, জুলই ২৮, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্যসচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

এ ছাড়া চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকা থেকে বেড়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় পৌঁছেছে। একই সময়ে সংস্থাটির দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে উন্নীত হয়েছে, যা চট্টগ্রাম ওয়াসার দাবি অনুযায়ী সর্বোচ্চ।

Nagad
Nagad

অন্যদিকে, এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে মাহবুবের রহমান শামীমকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশের ৬৩টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হয়েছে। বর্তমানে শুধু ঠাকুরগাঁও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বাকি রয়েছে।