Print

সারাদিন

কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্, জুলই ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনগুলোতে সই করেছেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

সাময়িক বরখাস্ত হওয়া চার চিকিৎসক হলেন-সাতক্ষীরা মেডিকেল কলেজের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. সোহানা সেলিম, সাতক্ষীরা সদর হাসপাতালের রেডিওলজিস্ট ডা. পলাশ কুমার সরকার, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজীবা তন্বী এবং সাতক্ষীরা সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (ইএনটি) ডা. মো. হাছিবুর রহমান।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই বাগেরহাট এবং ২৬ জুলাই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনের সময় কোনো অনুমোদন ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন ওই চার চিকিৎসক। এছাড়া তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগও রয়েছে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী কোনো কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা প্রস্তাব বা রুজু হলে অভিযোগের গুরুত্ব, তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা এবং দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে সাময়িক বরখাস্ত করা যেতে পারে।

Nagad
Nagad

সে অনুযায়ী, চার চিকিৎসককে ২৭ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।