Print

সারাদিন

ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রকাশিত: ১২:১১ অপরাহন, জুলই ২৯, ২০২৬

সারাদিন ডেস্ক

ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক বলেন, দুই পক্ষের ঘোষিত কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট এ আদেশ দিয়েছেন।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

প্রশাসনের আশঙ্কা, উভয় কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি এবং বিদ্যমান উত্তেজনার কারণে যেকোনো সময় সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশৃঙ্খলার অবনতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ পরিস্থিতিতে জনস্বার্থে হবিগঞ্জ পৌর এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দে প্রচার এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে—এমন সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Nagad
Nagad

জেলা প্রশাসন জানিয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।