প্রকাশিত: ৯:৩১ অপরাহন, জুলই ২৯, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে সরকার থেকে সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ১৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য ব্যয় হবে ১৬ হাজার ৮৮ কোটি ৫২ লাখ টাকা।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নিজস্ব অর্থায়নে থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া ও ভারতের ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কাছ থেকে জি-টু-জি ভিত্তিতে এসব জ্বালানি তেল আমদানি করবে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, মোট আমদানির মধ্যে রয়েছে ৯ লাখ ১৫ হাজার মেট্রিক টন গ্যাস অয়েল, ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন জেট এ-ওয়ান, ২ লাখ মেট্রিক টন ফার্নেস অয়েল, ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন-৯৫ (আনলোডেড) এবং ৩০ হাজার মেট্রিক টন মেরিন ফুয়েল।
সরকার গ্যাস অয়েলের প্রতি ব্যারেলে ৯ দশমিক ৫০ মার্কিন ডলার, জেট এ-ওয়ানের প্রতি ব্যারেলে ১০ দশমিক ১৫ মার্কিন ডলার এবং গ্যাসোলিন-৯৫-এর প্রতি ব্যারেলে ৮ দশমিক ৪৯ মার্কিন ডলার প্রিমিয়াম নির্ধারণ করেছে। এছাড়া ফার্নেস অয়েলের ক্ষেত্রে প্রতি মেট্রিক টনে ৬৬ মার্কিন ডলার এবং মেরিন ফুয়েলের ক্ষেত্রে ৮৫ মার্কিন ডলার প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে।
বৈঠক সূত্রে আরও জানা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত একই ধরনের জি-টু-জি চুক্তির আওতায় ১২ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়েছিল। আগামী ছয় মাসের সম্ভাব্য চাহিদা বিবেচনায় এবার আমদানির পরিমাণ বাড়ানো হয়েছে।