প্রকাশিত: ২:৩২ অপরাহন, জুলই ৩১, ২০২৬
সারাদিন ডেস্ক
টানা বৃষ্টি ও দেশের কয়েকটি এলাকায় বন্যার প্রভাবে রাজধানীর নিত্যপণ্যের বাজারে অস্থিরতা আরও বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। একই সঙ্গে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দাম। তবে কিছু সবজির দামে সামান্য স্বস্তি মিলেছে।
শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচা ও শান্তিনগর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, বর্তমানে প্রতি ১০০ গ্রাম কাঁচামরিচ ৪০ টাকা এবং ২৫০ গ্রাম ১০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আধা কেজি বা এক কেজি কিনলে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে।
সেগুনবাগিচা বাজারের বিক্রেতা মুকুল মিয়া বলেন, এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে প্রায় ১০০ টাকা বেড়েছে। গত সপ্তাহে এটি ২৮০ থেকে ৩০০ টাকা ছিল। আর তার আগের সপ্তাহে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়।
এদিকে দেশি পেঁয়াজের দামও বেড়েছে। দেড় থেকে দুই সপ্তাহ আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হলেও এখন মানভেদে ৫৫ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।
শান্তিনগর বাজারের ব্যবসায়ী রিদোয়ান হক বলেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। ভালো মানের পাবনার পেঁয়াজ এখন ৬৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
সবজির বাজারেও উচ্চমূল্যের প্রভাব রয়েছে। লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকা, গোল বেগুন ১৮০ টাকা এবং সাদা বেগুন ১৪০ টাকা কেজি দরে।
তবে ধুন্দল ও পটলের দামে কিছুটা স্বস্তি এসেছে। আগে ১০০ টাকা থাকলেও এখন বাজারভেদে ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া করলা ১২০-১৪০ টাকা, কচুরমুখী ৮০-১০০ টাকা, বরবটি ১১০-১৩০ টাকা এবং চিচিঙ্গা ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় ফার্মের ডিমের দামও বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ১৩৫ থেকে ১৪০ টাকা। এক মাস আগে একই ডজন ডিমের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা। এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে।