Print

সারাদিন

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬-এর নিবন্ধন শুরু

প্রকাশিত: ১১:১৭ পূর্বাহ্, গাস্ট ১, ২০২৬

সারাদিন ডেস্ক

দেশের শিক্ষার্থীদের রোবটিকস ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে শুরু হয়েছে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড (ডব্লিউআরও) বাংলাদেশ ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম। গত ২৩ জুলাই থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ আগস্ট পর্যন্ত। এই আয়োজনে বিজয়ী শিক্ষার্থীরা আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠেয় ডব্লিউআরও ওপেন চ্যাম্পিয়নশিপ, এশিয়া-প্যাসিফিক এবং ৮ থেকে ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পুয়ের্তো রিকোতে অনুষ্ঠেয় ২২তম ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আন্তর্জাতিক ফাইনালে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

এবারের ডব্লিউআরও ২০২৬-এর মূল প্রতিপাদ্য ‘রোবট মিটস কালচার’। অর্থাৎ রোবট ও রোবটিকস সমাধানের মাধ্যমে কীভাবে নিজেদের সংস্কৃতিকে ফুটিয়ে তোলা যায়, সেটাই এবারের প্রতিযোগিতার মূল লক্ষ্য। এই রোমাঞ্চকর প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা রোবটিকসের মতো প্রযুক্তির সাহায্যে নিজেদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ পাবে।

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৬ এবার চারটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। ফিউচার ইনোভেটরস ও রোবোমিশন ক্যাটাগরিতে তিনটি বয়সগ্রুপ রয়েছে— এলিমেন্টারি (৮–১২ বছর), জুনিয়র (১১–১৫ বছর) এবং সিনিয়র (১৪–১৯ বছর)। রোবোস্পোর্টস ক্যাটাগরিতে অংশ নিতে পারবে ১১–১৯ বছর বয়সীরা এবং ফিউচার ইঞ্জিনিয়ার্স ক্যাটাগরিতে ১৪–২২ বছর বয়সী শিক্ষার্থীরা।

প্রতিযোগিতাটি দেশের চারটি অঞ্চলে অনুষ্ঠিত হবে— ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রংপুর। ঢাকায় হোস্ট হিসেবে থাকছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), খুলনায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রামে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং রংপুর অঞ্চলে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সিপিএসসিএস)।

প্রতিটি দলে ২ থেকে ৩ জন সদস্য থাকতে পারবে। জাতীয় পর্যায়ে কোচ বাধ্যতামূলক না হলেও থাকা ভালো; তবে আন্তর্জাতিক পর্যায়ে কোচ বাধ্যতামূলক এবং কোচকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। নিবন্ধন ফি হিসেবে ফিউচার ইনোভেটরস ক্যাটাগরির জন্য ১,৫০০ টাকা এবং বাকি সব ক্যাটাগরির জন্য ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনসহ বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই ঠিকানায়: https://wrobd.org/।

আয়োজকরা বলেন, ‘গতবারের মতো এবারও ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশ চারটি বিভাগে চারটি ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে। এই প্রতিযোগিতার ফলাফল থেকেই ডব্লিউআরও আন্তর্জাতিক ফাইনাল এবং ভারতে অনুষ্ঠেয় ওপেন চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দল গঠন করা হবে। এটি শুধু একটি রোবটিকস প্রতিযোগিতাই নয়; এখানে ভালো স্থান অর্জনের মাধ্যমে বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে মেধাবৃত্তিরও সুযোগ তৈরি হতে পারে।’

Nagad
Nagad

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড বাংলাদেশের আয়োজক বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। হোস্ট হিসেবে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (সিপিএসসিএস)। ক্লাব পার্টনার হিসেবে রয়েছে ইউআইইউ রোবোটিকস ক্লাব এবং নলেজ পার্টনার গ্রে ম্যাটার রোবোটিকস। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ব্রেইন স্টেশন ২৩, সিলভার স্পন্সর ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)।