প্রকাশিত: ৩:০৫ অপরাহন, গাস্ট ১, ২০২৬
সারাদিন ডেস্ক
প্রায় আড়াই দশক পর অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে টাইগাররা।
২০০৩ সালের সফরের পর এবারই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সফরের শুরুতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে।
তবে সফরের আগে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। সাইড স্ট্রেনের ইনজুরিতে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নাহিদ রানা। এছাড়া প্রথম টেস্টের দলে নেই উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। তারা চোট থেকে ফেরার পথে রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত ছয়টি টেস্ট খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২০১৭ সালে মিরপুরে একমাত্র জয় পেয়েছিল টাইগাররা। দীর্ঘ বিরতির পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।