প্রকাশিত: ৮:৩৩ অপরাহন, গাস্ট ১, ২০২৬
সারাদিন ডেস্ক
বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশন (বিএসইসি) এবং জাপানের হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচপিএল) মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ মোটরসাইকেল রফতানি শুরু করেছে।
প্রতিষ্ঠানটি জানায়, গুয়াতেমালায় সফল রফতানির ধারাবাহিকতায় মেক্সিকোতে এই রফতানি বাংলাদেশের মোটরসাইকেল শিল্পের বৈশ্বিক সক্ষমতার স্বীকৃতি এবং রফতানি বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান বলেন, সরকার উৎপাদন, রফতানি ও বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ করছে। মেক্সিকোতে হোন্ডা এনএক্স২০০ রফতানি দেশের রফতানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু মরিসাওয়া বলেন, মেক্সিকোতে রফতানি সম্প্রসারণ তাদের উৎপাদন সক্ষমতা, গুণগত মান এবং কর্মীদের দক্ষতার প্রতিফলন। তিনি জানান, ভবিষ্যতে স্থানীয় উপাদান সংগ্রহ বাড়ানো, উৎপাদন প্রতিযোগিতা উন্নয়ন এবং আরও নতুন আন্তর্জাতিক বাজারে রফতানি সম্প্রসারণে প্রতিষ্ঠানটি কাজ করবে।
প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে অগ্রাধিকার দেওয়া হলেও এই রফতানি বাংলাদেশের শিল্পায়ন, প্রযুক্তিগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মোটরসাইকেল উৎপাদন ও রফতানি কেন্দ্র হিসেবে দেশের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে।
বাংলাদেশ হোন্ডা জানিয়েছে, ভবিষ্যতেও নতুন আন্তর্জাতিক বাজারে রফতানি বাড়ানোর পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রফতানি বহুমুখীকরণে অবদান রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশ সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ডিউটি এক্সেম্পশন অ্যান্ড ড্রব্যাক অফিস (ডিইডিও), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), শুল্ক কর্তৃপক্ষ, ব্যাংকিং অংশীদার, সরবরাহকারী, ডিলার এবং আন্তর্জাতিক বাজারে উচ্চমানের মোটরসাইকেলের নির্ভরযোগ্য উৎস হিসেবে বাংলাদেশকে উন্নীত করতে সহায়তা প্রদানকারী সকল স্টেকহোল্ডারদের প্রতি বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।
চলমান রফতানি সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড রপ্তানি বহুমুখীকরণের পাশাপাশি টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে বদ্ধপরিকর।