Print

সারাদিন

ছাগলকাণ্ডের সেই মতিউরের দুর্নীতি মামলায় বিচার শুরু

প্রকাশিত: ১:৩৭ অপরাহন, গাস্ট ৩, ২০২৬

সারাদিন ডেস্ক

কোরবানির ছাগল কিনে আলোচিত হওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই দুর্নীতি মামলায় তাঁর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।

সোমবার (৩ আগস্ট) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ১৪ সেপ্টেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

নথিসূত্রে জানা যায়, এর আগে গত ৫ জুলাই দুদকের পক্ষে মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। অন্যদিকে আসামিপক্ষ থেকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য রেখেছিলেন। শুনানিকালে মতিউর রহমানকে আদালতে হাজির করে আনা অভিযোগ পড়ে শুনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে বিচারক অভিযোগ গঠন করে জামিন আবেদন নাকচ করে দেন।

দুদকের দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, মতিউর রহমান তাঁর সম্পদ বিবরণীতে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার অর্জিত সম্পদের তথ্য গোপন করেছেন। পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের কোরবানির ঈদে ১৫ লাখ টাকায় একটি ছাগল বুকিং দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। অনুসন্ধানে বেরিয়ে আসে, ওই তরুণ এনবিআরের তৎকালীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানের ছেলে। এরপরই মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে-বেনামে থাকা বিপুল বিত্তবৈভবের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। পরবর্তীতে দুদক অনুসন্ধানে নেমে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে এবং চলতি বছরের ১৪ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার করা হয়।

Nagad
Nagad