প্রকাশিত: ৮:২২ পূর্বাহ্, গাস্ট ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার (৪ আগস্ট) বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিট (প্রশান্ত মহাসাগরীয় নৌবহর)-এর কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তিনি ২২ সদস্যের একটি মার্কিন নৌ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গরের ঢাকা সফরের কয়েক দিনের মধ্যেই এই উচ্চপর্যায়ের সামরিক সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে এটিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সফরকালে অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশের সামরিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা, সমুদ্রসীমা সুরক্ষা এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
অ্যাডমিরাল কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। তিনি ইউএসএস কার্ল ভিনসন-এর এক্সিকিউটিভ অফিসার, ফাইটার স্কোয়াড্রন ১৪৩-এর কমান্ডিং অফিসার, ইউএসএস বাতান এবং বিমানবাহী রণতরী ইউএসএস ডোয়াইট ডি. আইজেনহাওয়ার-এর কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সামরিক জীবনে তিনি অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম এবং ইনহেরেন্ট রিজলভ-সহ একাধিক গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নেন। এছাড়া হাইতির ভূমিকম্প-পরবর্তী ত্রাণ কার্যক্রম এবং পূর্ব ও দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক নৌ অভিযানে নেতৃত্ব দিয়েছেন।
মার্কিন থার্ড ফ্লিটের কমান্ডার এবং জয়েন্ট স্টাফের স্ট্র্যাটেজি, প্ল্যানস অ্যান্ড পলিসি বিষয়ক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ৪ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডারের দায়িত্ব গ্রহণ করেন।