প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্, গাস্ট ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
নেতিবাচক প্রবৃদ্ধির মধ্য দিয়ে ২০২৬-২৭ অর্থবছর শুরু করেছে বাংলাদেশের রপ্তানি খাত। নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৯০ শতাংশ কমে ৪ দশমিক ৭২ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে।
সোমবার (৩ আগস্ট) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে দেশের রপ্তানি আয় ছিল ৪ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার। এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে প্রায় ০.৯০ শতাংশ।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পেও (আরএমজি) এ সময়ে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাই মাসে এ খাত থেকে রপ্তানি আয় হয়েছে ৩ দশমিক ৮৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই মাসের ৩ দশমিক ৯৬ বিলিয়ন ডলারের তুলনায় ১ দশমিক ৯২ শতাংশ কম।
উপখাতভিত্তিক হিসাবে, নিটওয়্যার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।
অন্যদিকে, ওভেন পোশাক রপ্তানি ৩ দশমিক ১৬ শতাংশ কমে জুলাই মাসে ১ দশমিক ৫৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
সর্বশেষ পরিসংখ্যান বলছে, দেশের সামগ্রিক রপ্তানি আয় এবং প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক—উভয় ক্ষেত্রেই নতুন অর্থবছরের শুরুতে নেতিবাচক প্রবৃদ্ধির চিত্র দেখা গেছে।