প্রকাশিত: ৪:২৮ অপরাহন, গাস্ট ৪, ২০২৬
সারাদিন ডেস্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে গেলে সেখানে ফের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন আহত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী ও আহত শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর আহতদের ন্যাশনাল মেডিকেলে নেওয়া হলে হাসপাতালের ভেতরে ও বাইরে তাদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাশাপাশি কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
হামলার সময় হাসপাতালের ভেতরে ও বাইরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে। এতে হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিক আহত হন। এছাড়া চিকিৎসা নিতে আসা কয়েকজন সাধারণ রোগী ও তাদের স্বজনও আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে নতুন করে হামলার অভিযোগ ওঠে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
তবে এ ঘটনায় অভিযুক্ত ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।