Print

সারাদিন

আ’লীগ মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল, অস্বীকারের উপায় নেই: আসিফ নজরুল

প্রকাশিত: ১:৫০ অপরাহন, গাস্ট ৫, ২০২৬

সারাদিন ডেস্ক

আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক থাকলেও দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল—এ বিষয়টি অস্বীকার করার উপায় নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

বুধবার (৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল লিখেছেন, ‘আজ আমাদের আরেক বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর বাংলাদেশের জন্য সবচেয়ে আনন্দের দিন আজ।’

তিনি বলেন, এই দিনটি হঠাৎ করে আসেনি। জুলাইয়ের অসন্তোষ শুরু হয়েছিল শেখ হাসিনার পতনের আন্দোলন হিসেবে নয়। তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যায়।

সাবেক আইন উপদেষ্টা বলেন, “আওয়ামী লীগ সম্পর্কে নানা বিতর্ক রয়েছে। তবু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই—এই দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিল এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছিল। তারপরও স্বাধীন বাংলাদেশে জনতার রুদ্ররোষে তাদের সমূলে উৎখাত হতে হয়েছে। একবার নয়, অন্তত দু’বার। কেন হয় এমন?”

তিনি বলেন, এই প্রশ্নের উত্তর আওয়ামী লীগের খুঁজে বের করা দরকার। তবে তার ধারণা, দলটি আত্মসমালোচনা বা অনুশোচনার পথে যাবে না।

Nagad
Nagad

আসিফ নজরুল আরও বলেন, দেশের অন্য রাজনৈতিক দলগুলোরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে। তবে আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ ও অনাচারের আত্মবিশ্বাস অন্য কোনো দলের মধ্যে তিনি দেখেননি।

তিনি বলেন, শেখ হাসিনার ফেরার ঘোষণায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আনন্দিত হতে পারেন, তবে বিচার ছাড়া কোনো কিছুই স্বাভাবিক হবে না।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে মতবিরোধ থাকলেও শেখ হাসিনার প্রশ্নে তারা জুলাইয়ের চেতনা ধরে রাখবেন।