প্রকাশিত: ৯:১৫ পূর্বাহ্, গাস্ট ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। জাদুঘর পরিদর্শনে আগ্রহীদের অনলাইনে আবেদন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহ করতে হবে।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার (৫ আগস্ট) জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের দিন এটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথি ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।
তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এবং সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার থেকে সাধারণ দর্শনার্থীরা অনলাইনে আবেদন করে নির্ধারিত সময়ের টিকিট সংগ্রহের মাধ্যমে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।
জাদুঘরটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। দর্শনার্থীদের জন্য প্রতিদিন নির্দিষ্টসংখ্যক সময়ভিত্তিক স্লট বরাদ্দ থাকবে। অনলাইনে যে সময়ের স্লট বরাদ্দ হবে, সেই সময়েই জাদুঘরে প্রবেশ করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, শহীদদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত স্মারক এবং আন্দোলন-সংশ্লিষ্ট বিভিন্ন নিদর্শন নিয়ে জাদুঘরটি সাজানো হয়েছে। সংশ্লিষ্টদের আশা, এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে দেশের গণতান্ত্রিক আন্দোলনের গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরতে ভূমিকা রাখবে।