প্রকাশিত: ৯:৪৪ পূর্বাহ্, গাস্ট ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
ক্ষুদ্র স্বার্থে দেশের গণতন্ত্র ও অর্জিত স্বাধীনতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘তরুণ ও ছোট ভাই-বোনেরা জীবনের বিনিময়ে দেশে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরিয়ে এনেছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেই অর্জিত গণতন্ত্র খর্ব করতে কিংবা দেশকে অস্থিতিশীল করতে কেউ যদি আঘাত হানে, তবে জনগণ তা শক্ত হাতে রুখে দেবে।’
তিনি আরও স্পষ্ট করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো প্রতিহিংসার রাজনীতি করে না, শেখেওনি এবং ভবিষ্যতেও করবে না। আজকের এই দিনটি বিজয়ের আনন্দের পাশাপাশি স্বজনহারাদের জন্য অত্যন্ত বেদনার উল্লেখ করে তিনি আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের আশু আরোগ্য কামনা করেন।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফসহ স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ জনসভায় অংশ নেন।