প্রকাশিত: ৮:৫১ অপরাহন, গাস্ট ৬, ২০২৬
সারাদিন ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক প্রার্থী থাকলে ওই দিন জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট।
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, সাধারণত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনীত একক প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একক প্রার্থী থাকলে ভোটগ্রহণের প্রয়োজন হয় না এবং ১৮ আগস্টই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, কোনো প্রার্থীর মনোনয়নপত্রে একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং আরেকজন সংসদ সদস্যকে সমর্থক হতে হবে। পাশাপাশি প্রার্থীর সম্মতিসূচক স্বাক্ষরও প্রয়োজন হবে।
আইন অনুযায়ী, প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। তবে একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট অনুষ্ঠিত হবে।
সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী থাকায় ভোট হয়েছিল। এরপর থেকে প্রতিবারই ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে আসছেন।
উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করার বিধান রয়েছে।