Print

সারাদিন

এক মাসে ভাতার আওতায় আসছেন আরও ২০০ ক্রীড়াবিদ

প্রকাশিত: ৯:২৮ অপরাহন, গাস্ট ৬, ২০২৬

সারাদিন ডেস্ক

আগামী এক মাসের মধ্যে আরও ২০০ ক্রীড়াবিদকে নিয়মিত ক্রীড়া ভাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান প্যারা গেমস ট্রেনিং ক্যাম্প-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ জন ক্রীড়াবিদ নিয়মিত ক্রীড়া ভাতা পাচ্ছেন। নতুন করে আরও ২০০ জনকে যুক্ত করা হলে মোট ৫০০ জন ক্রীড়াবিদ এই সুবিধার আওতায় আসবেন।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। তাদের জন্য জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

আমিনুল হক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের বোঝা নয়, দেশের সম্ভাবনাময় সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। অনেক সময় যাদের পরিবার আড়ালে রাখে, তারাই ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস বা প্যারা গেমসে দেশের জন্য সম্মান বয়ে আনতে পারে।

তিনি জানান, আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণপদক বা উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী নতুন ক্রীড়াবিদদের পর্যায়ক্রমে ক্রীড়া ভাতার আওতায় আনা হবে।

Nagad
Nagad

এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের সারা বছর নিয়মিত প্রশিক্ষণের আওতায় রাখা, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আধুনিক ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের বিষয়েও আলোচনা চলছে। পাশাপাশি দেশের ৬৪ জেলায় প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি প্যারা স্পোর্টস’ নামে জাতীয় পর্যায়ের প্রতিভা অন্বেষণ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।