প্রকাশিত: ১০:০২ পূর্বাহ্, গাস্ট ৭, ২০২৬
সারাদিন ডেস্ক
বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।
শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে মহাসড়কের পাশে কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে শ্রমিকদের ওপর উঠে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।