Print

সারাদিন

বাংলাদেশিকে বিএসএফ নিয়ে যাওয়ায় ভারতীয় নাগরিককে আটক করলেন গ্রামবাসী

প্রকাশিত: ৭:০৫ অপরাহন, গাস্ট ৮, ২০২৬

সারাদিন ডেস্ক

পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনায় এক ভারতীয় নাগরিককে আটক করেছেন স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশের পর স্থানীয়রা দীপঙ্কর গোপ (৩৫) নামে ওই ভারতীয় নাগরিককে আটক করে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। দীপঙ্কর ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে কাঁটাতারের ওপাশে একটি চা-বাগানে কাজ করার সময় ভুলবশত দীপঙ্কর বাংলাদেশ অংশে প্রবেশ করেন। পরে স্থানীয়রা তাকে আটক করেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে গত বুধবার সকালে সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্থানীয়রা।

তমিজ উদ্দীনের ছেলে আজাহার জানান, তার বাবা বয়স্ক এবং কানে কম শোনেন। ঠিকমতো হাঁটতেও পারেন না। বাবাকে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আটক ভারতীয় নাগরিককে হস্তান্তর না করার দাবি জানিয়েছেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Nagad
Nagad

তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং আটক ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে দ্রুত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।