Print

সারাদিন

সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ, উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত: ৩:৪২ অপরাহন, গাস্ট ৯, ২০২৬

সারাদিন ডেস্ক

বিদ্যুৎ, গ্যাস, পানি কিংবা মোবাইল ফোনের বিল পরিশোধসহ দৈনন্দিন ছোটখাটো জরুরি খরচ মেটাতে ডিজিটাল ঋণ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রস্তাবিত ব্যবস্থায় ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের খসড়া নীতিমালা অনুযায়ী, এ ঋণের ওপর কোনো সুদ আরোপ করা হবে না। তবে ঋণের পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট হারে সেবামূল্য নিতে পারবে ব্যাংকগুলো। ঋণ নেওয়ার ৩০ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে হবে।

খসড়া নীতিমালায় প্রস্তাবিত সেবামূল্য অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা, ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ১৫ টাকা এবং ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ২৫ টাকা সেবামূল্য নেওয়া যাবে।

এ ছাড়া ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৩৫ টাকা এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সেবামূল্য নেওয়া যাবে। এর বাইরে কোনো সুদ বা অতিরিক্ত চার্জ নেওয়ার সুযোগ থাকবে না।

নতুন ব্যবস্থায় ঋণ নিতে গ্রাহককে ব্যাংকের শাখায় গিয়ে কাগজপত্র জমা দিতে হবে না। মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে।

কাগজে স্বাক্ষরের পরিবর্তে বায়োমেট্রিক পরিচয় যাচাই ও ডিজিটাল সম্মতির মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা থাকবে। পরিচয় নিশ্চিত হওয়ার পর ডিজিটাল পদ্ধতিতেই ঋণের আবেদন, অনুমোদন, অর্থ ছাড় এবং পরিশোধ করা যাবে।

Nagad
Nagad

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নগদবিহীন অর্থনীতি গড়ে তোলা এবং ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বড় অঙ্কের ভোগ্যঋণ নয়; বরং দৈনন্দিন জীবনের ছোট ও তাৎক্ষণিক আর্থিক প্রয়োজন মেটানোর জন্য স্বল্পমেয়াদি ঋণ হিসেবে চালুর পরিকল্পনা করা হয়েছে।

তবে এ সুবিধা এখনই চালু হচ্ছে না। বর্তমানে খসড়া নীতিমালার ওপর জনসাধারণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত নেওয়া হচ্ছে। মতামত ও পরামর্শ পর্যালোচনা শেষে চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

চূড়ান্ত নীতিমালায় ঋণ পাওয়ার যোগ্যতা, গ্রাহকের সীমা, পরিশোধ পদ্ধতি, তথ্য সংরক্ষণ, গ্রাহক সুরক্ষা এবং ঋণ খেলাপি হলে করণীয়সহ বিভিন্ন বিষয় আরও স্পষ্ট করা হতে পারে।