প্রকাশিত: ৩:৪৭ অপরাহন, গাস্ট ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য সাত সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে সভাপতি করে গঠিত এ কমিটি জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করবে। প্রয়োজনে কমিটি নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করতে পারবে।
কমিটির অন্য সদস্যরা হলেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটির সভা প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে অর্থ বিভাগ।
কমিটির মূল কাজ হবে জুডিশিয়াল সার্ভিস পে-কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে পরবর্তী করণীয় সম্পর্কে সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া।