প্রকাশিত: ৮:৫৯ অপরাহন, গাস্ট ৯, ২০২৬
সারাদিন ডেস্ক
অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর আগারগাঁওয়ের আলোচিত ‘ভাইরাল মিজান’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ আগস্ট) দুপুরে আগারগাঁও এলাকা থেকে মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাফরুল থানা-পুলিশ। পরে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগ ফুটপাতসহ বিভিন্ন স্থাপনায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছিল। এরই ধারাবাহিকতায় আগারগাঁওয়ে মিজানের দোকানের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা সেখানে যান।
এ সময় মিজান তাদের কাজে বাধা দেন এবং চড়াও হয়ে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশ সদস্যদের আঘাত করেন বলে অভিযোগ পুলিশের। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
মিজানুর রহমান এর আগে আগারগাঁওয়ে মাত্র ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন। এ কারণে তিনি ‘ভাইরাল মিজান’ নামে পরিচিতি পান।
পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট অপরাধে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।