প্রকাশিত: ১২:৫১ অপরাহন, গাস্ট ১০, ২০২৬
সারাদিন ডেস্ক
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল আশানুরূপ না হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ থাকছে শিক্ষার্থীদের জন্য।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। পুরো প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে।
যেভাবে আবেদন করবেন
১. রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিন
নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে।
২. মোবাইল নম্বর দিন
পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল এসএমএসের মাধ্যমে এই নম্বরেই জানানো হবে।
৩. বিষয় নির্বাচন করুন
স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।
৪. ফি পরিশোধ করুন
প্রতি পত্রের জন্য ১৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। বিকাশ, নগদ কিংবা সোনালী সেবার মতো ডিজিটাল পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
৫. আবেদন জমা দিন
ফি পরিশোধের পর আবেদনে ফিরে গিয়ে ‘জমা দিন’ বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয়ে ভুল হলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সংশোধন করা যাবে। তবে ফি জমা দেওয়ার পর আবেদনে কোনো পরিবর্তন করা যাবে না এবং পরিশোধ করা ফি ফেরতযোগ্য নয়।
অবশ্য ফি পরিশোধের পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে আগের নিয়মে একই মোবাইল নম্বর ব্যবহার করে আবেদন করা যাবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, ই-পোর্টাল ছাড়া কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।
পুনঃনিরীক্ষণের ওয়েবসাইট: rescrutiny.eduboardresults.gov.bd