Print

সারাদিন

‘জামায়াত বেশি আসন পাওয়ায় রংপুরকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে’

প্রকাশিত: ১:৪৬ অপরাহন, গাস্ট ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

জামায়াতে ইসলামী রংপুরে বেশি আসন পাওয়ায় অঞ্চলটিকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী রংপুরে বেশি আসন পাওয়ায় তাদের উন্নয়ন থেকে বঞ্চিত করা হচ্ছে। রংপুরের মানুষ এটি মেনে নেবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য আর সামনে হাত-পা বাড়াবেন না। পরিণতি ভালো হবে না।

তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারাই যাবে, তাদের এ দেশে থাকা হবে না। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।

বিএনপির সমালোচনা করে জামায়াত আমির বলেন, বিএনপি ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়ে ক্ষমতায় গিয়ে জাতির সঙ্গে প্রতারণা শুরু করেছে। যারা ‘হ্যাঁ’ প্রচারণা চালিয়ে এখন ‘না’ বলছেন, একদিন তারাই এই দেশ থেকে নাই হয়ে যাবেন। জনতার রায়কে অগ্রাহ্য করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি, সামনেও পারবে না।

দেশে চুরি, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজদের হাত বন্ধ করতে হবে, দুর্নীতিবাজদের হাত বন্ধ করতে হবে। দেশের জন্য একবার নয়, শতবার রাজপথে নামবেন।

Nagad
Nagad

দুই শিবির কর্মী হত্যার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতার লোভে আর কোনো মায়ের কোল খালি হোক, তারা তা চান না। তিনি সবাইকে সংঘাত এড়িয়ে চলার আহ্বান জানান।

এর আগে শহীদ শিবির কর্মী সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান। পরে তিনি তাদের কবর জিয়ারত করেন।