Print

সারাদিন

২০ কোটি রুপি পারিশ্রমিক ছেড়ে প্রযোজক হতে চান শ্রদ্ধা কাপুর

প্রকাশিত: ৫:৩৮ অপরাহন, গাস্ট ১০, ২০২৬

সারাদিন ডেস্ক

বলিউডে পারিশ্রমিকের প্রচলিত ধারায় পরিবর্তন আসছে। এককালীন বড় অঙ্কের পারিশ্রমিকের বদলে সিনেমার লভ্যাংশ ও স্বত্বের অংশীদার হচ্ছেন অনেক তারকা। এবার সেই পথেই হাঁটার কথা ভাবছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।

‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’খ্যাত উদ্যোক্তা অশনীর গ্রোভারের জীবন নিয়ে নির্মিতব্য বায়োপিকে তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্য লিখবেন রাহুল মোদী।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে অভিনয়ের জন্য শ্রদ্ধাকে প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এককালীন সেই পারিশ্রমিক নেওয়ার পরিবর্তে সিনেমাটির অন্যতম প্রযোজক হিসেবে যুক্ত হওয়ার কথা ভাবছেন তিনি।

এ ক্ষেত্রে শুরুতে নির্দিষ্ট কোনো পারিশ্রমিক না নিয়ে সিনেমার স্বত্ব, ওটিটি বিক্রি ও বক্স অফিসের লাভের একটি অংশ নিতে পারেন শ্রদ্ধা। সিনেমাটি ব্যবসাসফল হলে এ পদ্ধতিতে তার আয় ২০ কোটি রুপির চেয়েও বেশি হতে পারে।

বলিউডে এ ধরনের ব্যবসায়িক মডেল অবশ্য নতুন নয়। অক্ষয় কুমারও সম্প্রতি একই কৌশলে লাভবান হয়েছেন বলে খবর রয়েছে। শীর্ষ তারকাদের মধ্যে শাহরুখ খান, আমির খান, সালমান খান, অজয় দেবগন ও রণবীর সিংও পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লভ্যাংশে অংশ নেওয়ার মডেলে যুক্ত হচ্ছেন।

এদিকে শ্রদ্ধা কাপুর বর্তমানে তার পরবর্তী সিনেমা ‘ইথা’র শুটিং নিয়ে ব্যস্ত। এ সিনেমার জন্য তিনি ১২ থেকে ১৫ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গেছে।

Nagad
Nagad

তবে অশনীর গ্রোভারের বায়োপিকের ক্ষেত্রে শ্রদ্ধা শেষ পর্যন্ত ২০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন, নাকি প্রযোজক হিসেবে যুক্ত হয়ে লাভের অংশীদার হবেন—তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।