Print

সারাদিন

এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে একাডেমিক-সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা

প্রকাশিত: ৭:২৯ অপরাহন, গাস্ট ১১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

একাডেমিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের সম্ভাবনা নিয়ে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও ঢাকাস্থ রাশিয়ান হাউসের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বাংলাদেশে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনই এআইইউবি ক্যাম্পাস পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকাস্থ রাশিয়ান হাউসের প্রশান্ত কুমার বর্মন ও দেলোয়ার হোসেন।

সফরকালে এআইইউবির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে রাশিয়ায় উচ্চশিক্ষা ও বৃত্তির সুযোগ, রুশ ভাষা শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়, যৌথ সেমিনার এবং সাংস্কৃতিক ও যুব কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এআইইউবির সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।

আলেকজান্দ্রা খ্লেভনই বাংলাদেশে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, রুশ ভাষা ও যুব সহযোগিতা প্রসারে রাশিয়ান হাউসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত শিক্ষামূলক, সাংস্কৃতিক ও যুব কর্মসূচিতে এআইইউবির শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে এআইইউবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক একাডেমিক ও সাংস্কৃতিক সম্পৃক্ততা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করা হয়। শিক্ষা, গবেষণা, বৃত্তি ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষের প্রতিনিধিরা।

Nagad
Nagad

বৈঠকে এআইইউবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সাইফুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, রেজিস্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, প্রক্টর ড. এস. এ. এম. মনজুর এইচ. খানসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উভয় পক্ষ শিক্ষা, সংস্কৃতি ও যুব সহযোগিতা আরও জোরদার করতে পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে।