Print

সারাদিন

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের জোহরা গুলশান আরা

প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্, গাস্ট ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

রাশিয়ায় অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস’ কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ স্থপতি ও উদ্যোক্তা জোহরা গুলশান আরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ জন তরুণ নেতা ও স্বেচ্ছাসেবক এ আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

আগামী ১৩ থেকে ২৩ আগস্ট রাশিয়ার খান্তি-মানসিস্ক স্বায়ত্তশাসিত অঞ্চল-ইউগ্রার বেরিওজভস্কি জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা, স্থাপত্য ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা তরুণদের এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

জোহরা গুলশান আরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি প্রযুক্তি খাতের স্টার্টআপ ‘ইকোটেক ইনোভেশন’-এর সঙ্গে যুক্ত।

আয়োজকদের পক্ষ থেকে জোহরা গুলশান আরাকে সম্পূর্ণ অর্থায়নে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতসহ কর্মসূচির সব ব্যয় আয়োজকেরা বহন করবেন। এ যাত্রায় তাঁকে সহযোগিতা করছে রাশিয়ান হাউস ইন বাংলাদেশ।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস রাশিয়ার ফেডারেল যুববিষয়ক সংস্থা রসমোলোদেজের সহযোগিতায় ‘রাশিয়া-সম্ভাবনার দেশ’ শীর্ষক ফেডারেল প্রকল্পের আওতায় আয়োজন করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, রাশিয়ায় ঘোষিত ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ ২০২৬’-এর কর্মপরিকল্পনার অংশ হিসেবেও এ আয়োজন বাস্তবায়ন করা হচ্ছে।

‘ইউথ সেন্টার অব ইউগ্রা’ নামের একটি অলাভজনক সংস্থার আনুষ্ঠানিক আমন্ত্রণের মাধ্যমে জোহরা গুলশান আরা এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

Nagad
Nagad

আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের একজন তরুণ স্থপতির এ আয়োজনে নির্বাচিত হওয়াকে দেশের তরুণদের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।