Print

সারাদিন

অবশেষে জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্, গাস্ট ১২, ২০২৬

সারাদিন ডেস্ক

দীর্ঘ এক দশকের প্রেমের অবশেষে পরিণতি ঘটল। দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বাগদানের ঠিক এক বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারকা এই জুটি।

বিয়ের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথভাবে প্রকাশ করেন রোনালদো ও জর্জিনা। ইনস্টাগ্রামে হাতের আংটি ও সাদা পোশাকে তোলা ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘সি লাভ জি’।

এর আগে খবর ছড়িয়েছিল, পর্তুগালের মাদেইরায় নিজ শহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন রোনালদো। সেই খবরে শহরের একটি ক্যাথেড্রালের সামনে ভিড় করেন ভক্ত ও গণমাধ্যমকর্মীরা। পরে জানা যায়, সেখানে বিয়ে হচ্ছিল অন্য এক দম্পতির।

তবে একই দিনেই বিয়ে করেছেন রোনালদো-জর্জিনা। তবে অনুষ্ঠান হয়েছে পর্তুগালের অন্য শহরে। রাজধানী লিসবন থেকে প্রায় ২০ মাইল দূরের ক্যাসকাইসে কঠোর গোপনীয়তায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাদের পাঁচ সন্তানও।

এর আগে গত বছরের ১১ আগস্ট অনেকটা ঘরোয়াভাবে বাগদান সেরেছিলেন রোনালদো ও জর্জিনা। ঠিক এক বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন তারা। বিয়েতেও ছিল না কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন।

২০১৬ সালে মাদ্রিদের একটি ব্র্যান্ডশপে প্রথম পরিচয় হয় রোনালদো ও জর্জিনার। সেখান থেকেই প্রেমের সম্পর্ক। এরপর কেটে গেছে প্রায় এক দশক। একসঙ্গে পথচলায় তাদের সংসারে এসেছে সন্তান। এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হলেন ফুটবলের অন্যতম আলোচিত এই জুটি।

Nagad
Nagad