প্রকাশিত: ৯:২৬ অপরাহন, গাস্ট ১২, ২০২৬
সারাদিন ডেস্ক
দেশীয় সংগীতশিল্পীদের মধ্যে ইউটিউবে এককভাবে ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তাঁর দাবি, দেশের সংগীতশিল্পীদের মধ্যে তিনিই প্রথম এই রেকর্ড গড়েছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ অর্জন উদযাপন করা হয়।
‘মেধাস্বত্ব সুরক্ষায় কপিরাইটের ভূমিকা এবং মনির খান অফিশিয়াল ইউটিউব চ্যানেলের সফলতা’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে সিএলএপি মিউজিক পাবলিশিং ও পাথওয়ে অনলাইন ডেভেলপমেন্ট লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগীতশিল্পী মিলন মাহমুদ, খুরশিদ আলম, সংগীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, গীতিকবি রফিকুজ্জামানসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নিজের ইউটিউব চ্যানেলের এই অর্জন নিয়ে মনির খান বলেন, দীর্ঘ তিন দশকের সংগীতজীবনে তাঁর এই সাফল্যের পেছনে শ্রোতা ও ভক্তদের অবদান সবচেয়ে বেশি। পাশাপাশি গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, বাদ্যযন্ত্রী, ভিডিও নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি এবং কারিগরি সহায়তাকারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মনির খান বলেন, দর্শক-শ্রোতাদের জন্য সবসময় সুস্থ ধারার সুন্দর ও সাবলীল বাংলা গান উপহার দেওয়ার চেষ্টা করেছেন। চলচ্চিত্রের গান হোক কিংবা একক সংগীত—সব ক্ষেত্রেই শ্রোতাদের চাহিদা পূরণের চেষ্টা করেছেন তিনি।
তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী আরও বলেন, যতদিন কণ্ঠে গান তুলে ধরতে পারবেন, ততদিন শ্রোতাদের ভালো গান উপহার দিতে চান।
অনুষ্ঠানে সংগীতশিল্পী, গীতিকার ও সুরকারদের মেধাস্বত্ব এবং কপিরাইট নিয়েও আলোচনা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
২০১৬ সালের ৮ জুন ইউটিউবে যাত্রা শুরু করে ‘মনির খান’ অফিসিয়াল চ্যানেল। ওই বছরের ১৪ জুন চ্যানেলটিতে প্রথম ভিডিও প্রকাশ করা হয়। এরপর গত এক দশকে চ্যানেলটিতে ৯৪৮টি ভিডিও আপলোড করা হয়েছে।
চলতি বছরের জুনে চ্যানেলটি ৩০ লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক স্পর্শ করে। বর্তমানে চ্যানেলটির মোট ভিউ ১০৪ কোটি ৭২ লাখ ৭৪ হাজার ৩৮৮ বলে জানানো হয়েছে।